রোদ-বৃষ্টি উপেক্ষা করে সড়কে নিরলস ট্রাফিক পুলিশ, তাদের কষ্ট দেখবে কে?
দাবদাহে পুড়ছে শরীর, বৃষ্টিতে ভিজছে পোশাক—তবুও থেমে নেই, দায়িত্ব পালন; প্রয়োজন আধুনিক ট্রাফিক বক্স ও মানবিক কর্মপরিবেশ
প্রচণ্ড দাবদাহ কিংবা মুষলধারে বৃষ্টি—কোনো প্রাকৃতিক প্রতিকূলতাই দমাতে পারছে না ট্রাফিক পুলিশের সদস্যদের।নাটোরের ব্যস্ততম সড়কগুলোতে যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। গ্রীষ্মের কাঠফাটা রোদে পিচঢালা উত্তপ্ত সড়কে দাঁড়িয়ে যখন সাধারণ মানুষ একটু ছায়ার খোঁজ করেন, তখনও ট্রাফিক পুলিশের সদস্যরা ব্যস্ত থাকেন যানবাহনের শৃঙ্খলা ফেরাতে। আবার বর্ষাকালে হাঁটুসমান জলাবদ্ধতা ও ঝোড়ো হাওয়া মাথায় নিয়ে ভিজে একাকার হয়েও তারা সড়ক ছাড়েন না। উৎসব-পার্বণ কিংবা রমজানের ইফতারের সময়তেও পরিবারের সান্নিধ্য ত্যাগ করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি, ধুলাবালি ও তীব্র শব্দদূষণের মধ্যে দায়িত্ব পালন করায় অনেক ট্রাফিক পুলিশ সদস্যই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ত্বকের সমস্যা, পানিশূন্যতা, শ্বাসকষ্ট ও শ্রবণশক্তি হ্রাসের মতো স্বাস্থ্যঝুঁকি নিয়েও তারা কর্তব্যে অবিচল থাকেন। এ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ বক্স ও শৌচাগারের অভাব তাদের এই কষ্টকে আরও বাড়িয়ে দেয়। সড়ক বিশ্লেষক ও সাধারণ নগরবাসীর মতে, ট্রাফিক পুলিশের এই আত্মত্যাগ ও নিষ্ঠার কারণেই শহরের যোগাযোগ ব্যবস্থা সচল থাকে। তাদের মানবিক দিক বিবেচনায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ট্রাফিক বক্স স্থাপন, বিশুদ্ধ পানি, শৌচাগার ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা জরুরি।
