লালপুরে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৬
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলা ও বেটিং পরিচালনায় ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোখরাবাদ এলাকার ফুলতলা মোড়সংলগ্ন আটটিকা থেকে পাইকপাড়াগামী আঞ্চলিক সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মো. জহুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। তাঁদের ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর নওদাপাড়ার মো. শিমুল হোসেন (২৪), লালপুর উপজেলার পাইকপাড়া হাটপাড়ার মো. মামুন আলী (১৯), বেরিলাবাড়ীর মো. নয়ন আলী (২৭), আটটিকা বাজারের মো. মামুন উদ্দিন (২৭), বিদিরপুরের রুপ কুমার (২০) এবং পাইকপাড়া মধ্যপাড়ার মো. মিরাজুল ইসলাম (২৫)।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
