সোয়া দুই কোটি টাকা ব্যয়ে সংস্কার, তিন বছরেই অচল ৮ কিলোমিটার ড্রেন
সুফল পাচ্ছেন না অধিকাংশ কৃষক, বিঘাপ্রতি বাড়তি খরচ ২ হাজার ১০০ টাকা
নাটোরের বাগাতিপাড়ায় কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করতে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সেচ ড্রেন। প্রকল্পটির আওতায় ২ হাজার ৩০০ একর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সংস্কারের তিন বছর না যেতেই অচল হয়ে পড়েছে ড্রেনের প্রায় ৮ কিলোমিটার। বর্তমানে সচল রয়েছে মাত্র এক কিলোমিটার। ফলে প্রকল্পের সুফল পাচ্ছেন মাত্র ১৫০ বিঘা বা প্রায় ৫০ একর জমির কৃষক। অন্যদিকে বিকল্প পদ্ধতিতে সেচ দিতে গিয়ে প্রতি বিঘায় অতিরিক্ত প্রায় ২ হাজার ১০০ টাকা ব্যয় করতে হচ্ছে কৃষকদের। সরেজমিনে দেখা গেছে, প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সেচ ড্রেনের অধিকাংশই ঝোপঝাড়ে ঢেকে গেছে। কোথাও জমেছে আবর্জনা, কোথাও পড়ে আছে মাটির স্তূপ। আবার কোনো কোনো স্থানে ড্রেনের ভেতর রাখা হয়েছে খড়ের গাদা। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় সেচের জন্য নির্মিত ড্রেনগুলো এখন অনেকটাই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, সংস্কারের পর মাত্র এক মৌসুম ড্রেন দিয়ে সেচের পানি সরবরাহ করা হয়েছিল। এরপর থেকেই পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাঁচটি ইউনিটের মাধ্যমে পানি সরবরাহের পরিকল্পনা থাকলেও বর্তমানে চালু রয়েছে মাত্র তিনটি ইউনিট। সেচের খরচেও রয়েছে বড় ধরনের ব্যবধান। প্রকল্পের মাধ্যমে প্রতি বিঘা জমিতে সেচ দিতে কৃষকের ব্যয় হয় প্রায় ১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে বিকল্প পদ্ধতিতে একই পরিমাণ জমিতে সেচ দিতে খরচ হচ্ছে প্রায় ৩ হাজার ৫০০ টাকা। এতে প্রতি বিঘায় কৃষকের অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ২ হাজার ১০০ টাকা। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আর্থিক চাপে পড়ছেন প্রান্তিক কৃষকেরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে ১৯৬৪-৬৫ অর্থবছরে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় হালকা সেচপাম্প প্রকল্পটি স্থাপন করা হয়। শুরুতে প্রকল্পটির প্রত্যক্ষ ব্যবস্থাপনায় প্রায় ২ হাজার ৩০০ একর জমিতে সেচ কার্যক্রম পরিচালিত হতো। পরবর্তী সময়ে দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় পড়ে থাকে প্রকল্পটি। অচল সেচব্যবস্থা সচল করে কৃষকদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার দীর্ঘ ড্রেন সংস্কার করা হয়। তবে সংস্কারের পরও প্রত্যাশিত সেচসুবিধা নিশ্চিত হয়নি। বরং দিন দিন কমছে সেচের আওতাধীন জমির পরিমাণ। গত বছর যেখানে ২৫০ বিঘা জমিতে সেচ দেওয়া হয়েছিল, চলতি বছর তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৫০ বিঘায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেচের আওতা কমেছে ১০০ বিঘা। স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘১৯৮৬ সালের পর প্রায় ১৫ থেকে ২০ বছর এ সেচ প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহ করা হয়েছে। কয়েক বছর আগে আবার ড্রেনগুলো সংস্কার করা হলেও কৃষকেরা নিয়মিত পানি পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে বিকল্প পদ্ধতিতে জমিতে সেচ দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।’ মুনসিপাড়া এলাকার কৃষক মুনছের আলী বলেন, ‘সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ড্রেন সংস্কার করলেও তা কৃষকদের কোনো কাজে আসছে না। পানি না পেয়ে অনেক কৃষক বিকল্প ফসল চাষ করছেন। আবার কেউ কেউ শ্যালো মেশিনের সাহায্যে জমিতে সেচ দিচ্ছেন।’ সেচ প্রকল্পের সভাপতি আফাজ উদ্দিন বলেন, ‘বর্ষা মৌসুমে কৃষকেরা বৃষ্টির পানির ওপর নির্ভরশীল থাকেন। এ বছর বৃষ্টির কারণে সেচ প্রকল্পের আওতায় ধানের আবাদ কম হয়েছে।’ এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী রিফাত করিম বলেন, ‘বড়াল নদীর নাব্যতা কমে যাওয়ায় পানির প্রবাহ কমেছে। ফলে সেচের আওতা সংকুচিত হয়েছে। বড়াল নদী খনন করা হলে পানির প্রাপ্যতা বাড়বে। প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সেচ অবকাঠামোর অধিকাংশই অব্যবহৃত পড়ে থাকায় প্রকল্পটির কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকেরা। তাদের প্রত্যাশা, দ্রুত পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং ড্রেনগুলো সচল করে সেচসুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।
