নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

নাটোরের বিভিন্ন উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নাটোরের বিভিন্ন উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের পাঁচ উপজেলা গুরুদাসপুর, বাগাতিপাড়া, সিংড়া, বড়াইগ্রাম ও লালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিগুলো সংশ্লিষ্ট উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
গুরুদাসপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুরজিত চ্যাটার্জীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, বিআরডিবির সভাপতি আব্দুর রশীদ প্রধান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুমন রেজা, নারী উদ্যোক্তা গোলাপী খাতুন, দলিল লেখক আলাউদ্দিন আহমেদ গোলাপ, বিএনপি নেতা মিলন মাহমুদ ও আব্দুল মালেক ভুলু এবং মৌ চাষি বেলাল হোসেন। আলোচনা শেষে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।
বাগাতিপাড়ায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল হান্নান। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় ও সাংবাদিক ফজলুর রহমান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সিংড়ায় উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের পর র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার সাজ্জাদ হোসেন, সিংড়া শহর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিথুন কুন্ডু এবং সফল সমবায়ী মিজানুর রহমান ও রফিকুল ইসলাম।
বড়াইগ্রামে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভা সঞ্চালনা করেন বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি পদ্মিনী কস্তা। এতে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালবের জেলা ব্যবস্থাপক কোরবান আলী, জোনাইল উদ্যোমী সঞ্চয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মতিউর রহমান এবং পুরস্কারপ্রাপ্ত সমিতির ভাইস চেয়ারম্যান পল সেন্টু কস্তা।
এদিকে, বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সমিতির চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে বড়াইগ্রামের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস সমিতির ভাইস চেয়ারম্যান পল সেন্টু কস্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
লালপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম। উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড় ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ।
পাঁচ উপজেলার আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।