নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
নাটোরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর আইন-শৃঙ্খলা কমিটির প্রথম সভা

পর্যায়ক্রমে নাটোরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে : বিদ্যুৎ মন্ত্রী

পর্যায়ক্রমে নাটোরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে : বিদ্যুৎ মন্ত্রী

পর্যায়ক্রমে নাটোরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ছয় মাসে জ্বালানি খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে বিএনপি সরকার। এভাবে ভর্তুকি অব্যাহত থাকলে দেশের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা কঠিন হয়ে পড়বে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশের প্রতিটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের সরকারি উদ্যোগে ইতোমধ্যে ২৫ হাজার মানুষ আবেদন করেছেন। বর্তমান সরকারের মেয়াদে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর জনগণের সমর্থন পেলে আগামী ১০ বছরের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, এ ব্যবস্থায় গ্রাহক নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করতে পারবেন। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে বাড়তি আয় করারও সুযোগ থাকবে। এ লক্ষ্যে দ্রুত একটি আইন প্রণয়ন করা হয়েছে, যা আগামী জাতীয় সংসদ অধিবেশনেই পাস করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় পতাকাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশ শাসন করেছে। মুক্তিযুদ্ধ কিংবা লাল-সবুজের পতাকার অবমাননা তাঁকে কষ্ট দেয়। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছরে বিরোধী দল দমনে পুলিশকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এখন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশ মাদকে সয়লাব হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধু সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে প্রতিটি পরিবার থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নাটোরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে নাটোরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতি বিভিন্ন রাষ্ট্রের বিশেষ আগ্রহ রয়েছে। এ বিষয়ে দেশের জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে। নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছমা খাতুনসহ অন্যরা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর হওয়ার পর এটাই তার প্রথম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা।