নাটোরের জিআই পন্য কাঁচাগোল্লা ও কারখানায় তেলাপোকা, মালিকের এক বছরের জেল
যে কাঁচাগোল্লার স্বাদ ও সুনাম নাটোরকে দেশের মানুষের কাছে আলাদা পরিচিতি দিয়েছে, সেই ঐতিহ্যবাহী মিষ্টি তৈরির কারখানাতেই মিলল তেলাপোকা আর নোংরা পরিবেশ। নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত প্রাচীন ও সুপরিচিত দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালিয়ে এমন চিত্র পেয়েছে বিশুদ্ধ খাদ্যল আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে (৫৫) এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী এই দন্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু নাটোর শহরের জয়কালিবাড়ী এলাকার মৃত ননী কুন্ডুর ছেলে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নাটোর জেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান জানান, নাটোরের কাঁচাগোল্লা কেবল একটি মিষ্টির নামই নয়, এটি জেলার ২৫০ বছরের ঐতিহ্য ও পরিচয়ের অংশ। দেশের বিভিন্ন প্রান্তে এই মিষ্টির চাহিদা রয়েছে। ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে সরকারি স্বীকৃতিও পেয়েছে নাটোরের কাঁচাগোল্লা।
অন্যদিকে, জয়কালিবাড়ীর দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারও নাটোরের পুরোনো ও ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলোর একটি। এ প্রতিষ্ঠানের তৈরি আদি কাঁচাগোল্লা একসময় দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো। স্বাদ ও মানের কারণে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনামও ছিল। কিন্তু সেই পরিচিত প্রতিষ্ঠানে অভিযানকালে গিয়ে দেখা যায়, কারখানার ভেতরে কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরির স্থান ও সংরক্ষণাগারে চরম অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেঝেতে উন্মুক্ত খাদ্যপণ্য পড়ে আছে। এছাড়া খাদ্যপণ্যের আশপাশে প্রচুর তেলাপোকার উপস্থিতি ছিল।
এসব অনিয়মের পাশাপাশি খাবার প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি উঠে আসে অভিযানে।অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে কারখানায় থাকা আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করা হয়। একই অভিযানে নাটোর সদরের হরিশপুর এলাকা আল মদিনা নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ( বেকারি) অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদহীন পণ্য উৎপাদন, নোংরা পরিবেশে উৎপাদিত পণ্য সংগ্রহ ও বিপণন করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা পলাশ কুমারসহ আরো অনেকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন করছেন। এ ধরনের কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত।অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। এদিকে সুশীল সমাজের দাবী, নাটোরের কাঁচাগোল্লার ঐতিহ্য ধরে রাখতে শুধু নাম ও পরিচিতি নয়, উৎপাদনের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি ও মান নিশ্চিত করা জরুরি। কারণ একটি প্রতিষ্ঠানের অনিয়মের দায় যেন পুরো জেলার ঐতিহ্যবাহী এই জিআই পণ্যের সুনামকে প্রশ্নবিদ্ধ না করে।
