লালপুরে ৭ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ৩০ লাখ টাকা
নাটোরের লালপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও ইট প্রস্তুতের দায়ে সাতটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি পাঁচটি ইটভাটার মালিককে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযানে মমিনপুর ও চকসাকারপাড়া এলাকার দুটি ইটভাটার ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। অন্যদিকে মঞ্জিলপুকুর, সাইপাড়া ও নওদাপাড়া এলাকার পাঁচটি ইটভাটাকে ছয় লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. বরহান উদ্দীন। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সমন্বয় করেন সহকারী পরিচালক মো. হারিবুল বাসার।
অভিযান পরিচালনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), নাটোর-৬, বাংলাদেশ পুলিশ, নাটোর জেলা ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ রোধে নাটোর জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
