সিংড়ায় কলম ডিগ্রি কলেজের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ ঘিরে উত্তেজনা- সভাপতিকে মারপিট, উদ্ধার করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম গেদাকে ঘিরে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে মারপিট করে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই সভাপতিকে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে উদ্ধার করে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কলেজের ৯টি শূন্য পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় কোটি টাকা লেনদেন হয়েছে। এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক চারজন রয়েছেন—এমন অভিযোগ তুলে স্থানীয় লোকজন ও নিয়োগবঞ্চিত প্রার্থীদের স্বজনেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে এ নিয়ে সভাপতির সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তারা ম্যানেজিং কমিটির সভাপতিকে কিল ঘুসি সহ বেদম মারপিট করে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ল্যাব সহকারী (পদার্থবিজ্ঞান), ল্যাব সহকারী (রসায়ন), ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি), ল্যাব সহকারী (জীববিজ্ঞান), হিসাব সহকারী, আয়া, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী—এই নয়টি পদে একজন করে জনবল নিয়োগের জন্য সম্প্রতি জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রায় শতাধিক প্রার্থী আবেদন করেন। তিনি বলেন, বিধি অনুযায়ী নিয়োগ বোর্ড গঠন করে শনিবার প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। রাত আনুমানিক ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হলে নিয়োগবঞ্চিত প্রার্থীদের পক্ষের লোকজন হইচই শুরু করেন। এ নিয়ে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। মারপিটের ঘটনা তিনি জানেন না। অধ্যক্ষ আরও দাবি করেন, সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেনের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম গেদা বলেন, তাকে কেউ মারধর বা হামলা করেনি। ৯টি শূন্য পদের বিপরীতে প্রায় শতাধিক প্রার্থী আবেদন করেছিলেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ৯ জনকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বঞ্চিতদের একটি অংশ বিতর্ক সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়ম হয়নি বলেও তিনি দাবি করেন।
স্থানীয় বিএনপি নেতা রিপন ও শাহিনসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষের যোগসাজশে এসব পদে নিয়োগের ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-সমর্থিত চারজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন ও নিয়োগবঞ্চিত প্রার্থীদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সভাপতির সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা সভাপতিকে হেনস্থা করে। স্থানীয় লোকজন সহ পুলিশ প্রস্তুতি শান্ত করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। একই সঙ্গে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতিকে সেখান থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে কিছু লোক তাকে হেনস্তা করেছেন বলে জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
