নাটোরে মাদকের অভিযানে গিয়ে মিললো বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল, বাবা-ছেলে আটক
নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় একটি বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বাড়ির মালিক আজিজুল শেখ ও তার ছেলে আক্কাস আলীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা বিভাগের একটি দল ইয়াবা মজুতের গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার হয়বতপুর পূর্বপাড়ায় আজিজুল শেখের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ির পাটকাঠির পালায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ সময় আজিজুল শেখ ও তার ছেলে আক্কাসকে আটক করেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। পরে রাতে আটক দুজনকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। তবে ইয়াবা মজুতের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলেও এ ঘটনায় ইয়াবা উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মনসুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অস্ত্র আইনে মামলার রুজু হয়েছে। গ্রেফতার হওয়া বাপ ছেলেকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
