নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

লাইসেন্স একজনের, ভাড়া নিয়ে সার ব্যবসা করছেন আরেকজন!

লাইসেন্স একজনের, ভাড়া নিয়ে সার ব্যবসা করছেন আরেকজন!

নাটোরের বড়াইগ্রামে সরকারি নীতিমালা উপেক্ষা করে একজনের নামে ইস্যু করা সার ডিলারশিপের লাইসেন্স ব্যবহার করে অন্যজন ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, লাইসেন্সের প্রকৃত মালিককে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে অন্য একজন ব্যবসায়ী ওই লাইসেন্সের আওতায় সার বিক্রি করছেন। এ ঘটনায় উপজেলার সার বিপণন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আহম্মেদপুর এলাকায় ‘মেসার্স মাহি এন্টারপ্রাইজ’-এর নামে ইস্যু করা সার ডিলারশিপের লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তবে তিনি ‘মেসার্স রফিকুল ট্রেডার্স’ নামে নিজস্ব প্রতিষ্ঠানের ব্যানারে সার বিক্রি করছেন। এর বিনিময়ে লাইসেন্সের কাগজে-কলমে মালিককে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালে তৎকালীন সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের সুপারিশে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের নামে ‘মেসার্স মাহি এন্টারপ্রাইজ’-এর সার ডিলারশিপ লাইসেন্সটি ইস্যু করা হয়। আব্দুল মান্নানের মৃত্যুর পর বর্তমানে কাগজে-কলমে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী বিলকিস বেওয়া। অভিযোগ রয়েছে, স্বামীর মৃত্যুর পর থেকে মাসিক অর্থের বিনিময়ে তিনি লাইসেন্সটি রফিকুল ইসলামের ব্যবহারের জন্য দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, সরকারি নীতিমালায় সার ডিলারশিপের লাইসেন্স হস্তান্তর বা অন্যের মাধ্যমে ব্যবসা পরিচালনার সুযোগ না থাকলেও দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা চলছে। ফলে সার বিতরণ ও বিপণন কার্যক্রমে সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার স্থায়ী বাসিন্দা নন। তাঁর বাড়ি পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা এলাকায়। অন্য উপজেলার বাসিন্দা হয়েও কীভাবে তিনি বড়াইগ্রামে অন্যের নামে ইস্যু করা ডিলারশিপের লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন, তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে রফিকুল ইসলাম লাইসেন্স ব্যবহারের বিনিময়ে অর্থ পরিশোধের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি লাইসেন্সের মালিককে নিয়মিত টাকা পরিশোধ করি। তা ছাড়া ২০০৯ সালে যখন লাইসেন্সটি করা হয়েছিল, তখন লাইসেন্সের নাম ও দোকানের নাম একই রাখার বিষয়ে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।’ এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নিলীমা জাহান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সার একটি গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। এর সুষ্ঠু বিপণন ও কৃষকের কাছে ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করতে ডিলার নিয়োগ ও লাইসেন্স ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে লাইসেন্সের প্রকৃত ব্যবহার, ব্যবসা পরিচালনার বৈধতা এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।