গুদামে ৪৫১ টন সার, কৃষকের হাতে শূন্য!
নাটোরের বাগাতিপাড়ায় সরকারি হিসাবে গুদামে মজুত রয়েছে ৪৫১ টন সার। উপজেলায় রয়েছেন বিএডিসির ২২ জন সার ডিলার। অথচ প্রয়োজনের সময় সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না সাধারণ কৃষকরা। ডিলারের দোকানের সামনে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের। অভিযোগ উঠেছে, কিছু অসাধু ডিলার সরাসরি কৃষকদের কাছে সার বিক্রি না করে সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয় খুচরা কীটনাশক বিক্রেতাদের কাছে বেশি দামে সার সরবরাহ করছেন। পরে সেই সার কৃষকদের কাছে বিক্রি হচ্ছে বাড়তি দামে। ফলে সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকলেও মাঠপর্যায়ে তৈরি হয়েছে কৃত্রিম সংকটের পরিস্থিতি।
রাতভর অপেক্ষা, তবু মেলেনি সার :
বাগাতিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ডিলার পয়েন্টে সার সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন প্রান্তিক কৃষকরা। কোথাও সারা দিন, কোথাও গভীর রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় সার। সর্বশেষ গত শনিবার রাতে উপজেলার গালিমপুর এলাকার মেসার্স তুলসী ট্রেডার্সের ডিলার পয়েন্টে সার নিতে গিয়ে খালি হাতে ফিরেছেন প্রায় ৬০ থেকে ৭০ জন কৃষক। তাঁদের মধ্যে ছিলেন মালিগাছা গ্রামের মাহাবুর রহমান ও পাঁকা গ্রামের আবদুল মতিন। রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করেও সার না পেয়ে ক্ষোভ ও হতাশা নিয়ে বাড়ি ফিরে যান তাঁরা। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ডিলার নানা অজুহাতে সরাসরি কৃষকদের কাছে সার বিক্রি করছেন না। অথচ রাতের আঁধারে সেই সার স্থানীয় খুচরা কীটনাশক বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছে। পরে ওই বিক্রেতারা কৃষকদের কাছে আরও বেশি দামে সার সরবরাহ করছেন। এতে সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ কৃষকরা।
৪৫১ টন সার কোথায় যাচ্ছে?
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বাগাতিপাড়ায় বিএডিসির সার ডিলার রয়েছেন ২২ জন। কৃষি বিভাগের সার-সংক্রান্ত নথিতে ইউরিয়া ১৯৯ দশমিক ৮৫ টন, টিএসপি ৬৯ দশমিক ৮৫ টন, ডিএপি ৪৪ দশমিক ৮ টন এবং এমওপি ১৩৬ দশমিক ৫ টন মজুত থাকার তথ্য রয়েছে। সব মিলিয়ে চার ধরনের সারের মোট মজুত ৪৫১ টন। প্রশ্ন উঠেছে, সরকারি হিসাবে বিপুল পরিমাণ সার মজুত থাকার পরও কৃষকদের কেন ডিলারের দোকানে রাতভর অপেক্ষা করতে হচ্ছে? বরাদ্দ ও মজুতের হিসাবের সঙ্গে মাঠপর্যায়ে সার বিতরণের বাস্তব চিত্রের এত ব্যবধান কেন? ডিলারদের কাছ থেকে কৃষকদের হাতে ঠিক কতটুকু সার পৌঁছাচ্ছে, আর কতটুকু খুচরা বাজারে চলে যাচ্ছে—এসব বিষয়ও তদন্তের দাবি রাখে।
কৃষি বিভাগের দাবি, মজুত পর্যাপ্ত ;
অভিযোগের বিষয়ে বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, তাঁদের গুদামে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সারের কোনো ঘাটতি বা সংকট নেই। ডিলারদের নিয়মিত তদারকি করা হচ্ছে। তবে কিছু এলাকায় হঠাৎ কৃষকের ভিড় বেড়ে যাওয়ায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কৃষকদের ধৈর্য ধরে নিয়ম মেনে সার সংগ্রহ করার পরামর্শ দেন তিনি। অন্যদিকে, সার কালোবাজারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, কৃষকদের হয়রানি করা কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পাওয়া গেলে সিন্ডিকেটের সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
