নাটোরের ইতিহাস খ্যাত অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী
রানি ভবানীর জন্ম হয় ১৭২২-২৩ সালে বৃহত্তর রাজশাহী জেলার ছাতিন গ্রামে। আত্মারাম চৌধুরীর কন্যা ছিলেন তিনি। তাঁর মাতার নাম জয় দুর্গা। বড় নগর অঞ্চলে তাঁর মাতা কস্তরী নামে পরিচিত ছিলেন।
যখন নানা স্থান থেকে রামকান্তের বিয়ের প্রস্তাব আসা শুরু হয়। দয়ারামই তখন সেসকল বিষয়ে সর্বময় কর্তা হয়ে উঠলেন। অবশেষে দয়ারামের উদ্যোগে, রামকান্ত রানি ভবানীকে ১৭৩৮ সালে ১৮ বছর বয়সে বিয়ে করেন।
বিবাহের সময় রানি ভবানীর বয়স ছিলো ১৫ বছর। কিন্তু এই তথ্যটি ভুল। কারণ রানি ভবানীর জন্মকাল, বিবাহকালীন বয়স, রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হবার মুহূর্তের বয়স ও মোট বয়স প্রভৃতি হিসাব করলে সেটাই প্রমাণ করে থাকে।
থাক সে প্রসঙ্গ, ‘রানি ভবানীর বিয়েতে খুব ধুমধাম করা হয়েছিল। অনেক দেশ-বিদেশের রাজা মহারাজেরা নিমন্ত্রণরক্ষা করেন। নাটোর রাজসংসারের তখন পূর্ণযৌবনের গৌরবোজ্জ্বল অবস্থা; সুতরাং “মিষ্টান্নমিতরে জনাঃ” এই প্রবাদ সার্থক হয়েছিল।
আত্মারাম একজন সম্ভ্রান্ত জমিদার ছিলেন। ছাতিনগ্রাম অঞ্চলে পদগৌরবে বা মানমর্যাদায় তার সমকক্ষ কেউ ছিল না। ছাতিন গ্রামের প্রাচীন অধিবাসীরা বলেন যে, আত্মারাম আগ্রহাতিশয্যে ছাতিন গ্রামেই রানি ভবানীর বিবাহ সুসম্পন্ন হয়েছিল; এবং সে উপলক্ষে বরকর্তা মহারাজাধিরাজ রামজীবনকেও ছাতিন গ্রামে পদধূলি প্রদান করতে হয়েছিল। প্রাচীন অধিবাসীরা এখনও একটি স্থান দেখিয়ে বলেন যে, ওখানে বরকর্তার বাসাবাটী নির্দিষ্ট হয়েছিল। “কিন্তু বরকর্তা অন্যের জমিদারিতে পদার্পণ করিতে অসন্মত হওয়ায়, আত্মারাম চৌধুরী সাহ্লাদে ছাতিন গ্রামের একাংশ বৈবাহিককে যৌতুকদান করেছিলেন। এসকল কাহিনির সত্যতা যাচাই করা কঠিন। কিন্তু ছাতিন গ্রামের একাংশ, এখনও নাটোর রাজবংশের অধিকারে রহিয়াছে।
থাক সে কথা, রাজা রামকান্ত ১১৫৩ সন বা ১৭৪৮ সালে পরলোকগত হলে, ‘রানি ভবানী ২৫-২৬ মতান্তরে ৩২ বছর বয়সে নাটোর রাজবংশের ক্ষমতায় অধিষ্ঠিত হন।
একপর্যায়ে বাঙ্গালার জমিদারগণের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করে বসেন তিনি। “স্বামীর জীবিত কালেই রানি ভবানী-র উজ্জ্বল প্রতিভার কথা চারদিকে ব্যাপ্ত হইয়াছিল। তিনি যখন রাজশাহী-রাজ্যের শাসন ভার গ্রহণ করেন, তখন তাঁহার পূর্ণ গৌরবের অবস্থা।” তৎকালে বঙ্গের সমস্ত জমিদারদের মধ্যে নাটোর রাজবংশের আয় সর্বাপেক্ষা অধিক ছিল। তাঁর সমস্ত জমিদারি হতে প্রায় দেড় কোটি টাকা কর আদায় হতো; তন্মধ্যে ৭০ লক্ষ সরকারের রাজস্ব দেওয়া হতো। অবশিষ্ট প্রায় সমস্তই পুণ্যকার্যে ব্যয়িত হয়ে যেতো। রানি ভবানী ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে একটানা ৫০ বছর রাজ্য পরিচালনা করেন। মতান্তরে প্রায় ৫৮ বছর ধরে তিনি জমিদারি পরিচালনা করেন। তিনি তাঁর রাজ্য পরিচালনাকালে মানুষের কল্যাণে দান করেন প্রায় ৫০ কোটি টাকারও ঊর্ধ্বে। এইসব দানকার্যের জন্যই তিনি ‘অন্নপূর্ণা’ নামেও অভিহিত হন। এ উপমহাদেশে নাটোরের নামের খ্যাতির মূলে তাঁর বিভিন্ন অবদানসমূহ চিরস্মরণীয় হয়ে রয়েছে। আঠারো শতকের দ্বিতীয় ভাগে নাটোরের জন্য অঢেল সম্মান বয়ে আনেন তিনি। ছিয়াত্তরের মন্বন্তরে তিনি তাঁর রাজভাণ্ডার উজাড় করেন প্রজাদের স্বার্থে। গরিব, দুঃস্থ, বিধবা এবং শিক্ষার্থীদের কল্যাণে তাঁর দানের হাত ছিল খুব প্রসারিত। তাঁর নিয়োজিত চিকিৎসকগণ প্রজাদের বাড়ি বাড়ি ঘুরে সে সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ-বিষুধও দান করেন। পাখিদের জন্যও তিনি খাবারের ব্যবস্থা করেন। প্রজাদের কল্যাণে তিনি বিভিন্ন স্থানে পুকুর, দীঘি, মন্দির, পাঠশালা, দেবোত্তর সম্পত্তি দান, পথঘাট বা অন্যান্য স্থাপনাও নির্মাণ করেন। ওয়ারেন হেস্টিংসের মতে নাটোর জমিদারির বার্ষিক আয় প্রায় আড়াই কোটি টাকা এবং ভাগলপুর হতে ঢাকা পর্যন্ত এই বিশাল জমিদারি বিস্তৃত ছিল। হলওয়েলের মতে, এই জমিদারির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভ্রমণ করতে ৩৫ দিন সময় লাগতো। নাটোরের জমিদারিটি রানি ভবানীর শাসনাধীনে থাকাকালে ইংরেজরা তাঁর নিকট থেকে রাজস্ব আদায়ের দায়িত্বটি কেড়ে নিয়ে খাসে কাজ চালাতে থাকে এবং এই জমিদারির কিছু অংশ তারা (ইংরেজগণ) ইজারাও প্রদান করে। রঙ্গপুর জেলার প্রসিদ্ধ বাহারবন্দ জমিদারিটি হেস্টিংস বলপূর্বক ভবানীর অধিকার থেকে নিয়ে তা কান্ত বাবুকে প্রদান করেন। প্রজারা নতুন জমিদারকে রাজস্ব দিতে অস্বীকার করায় তুমুল আন্দোলন শুরু হয়, কিন্তু হেস্টিংসের আজ্ঞায় রঙ্গপুরের কালেক্টর গুডল্যাড (এড়ড়ফষধফ) সে আন্দোলন নিষ্ক্রিয় করেন। ‘বাহারবন্দ পরগণার জমিদারির আলোচনার সময় আমরা দেখেছি যে রানি সত্যবতী এই পরগণাটি তাঁর ভগ্নিকন্যা নাটোরের রানি ভবানীকে দান করেছিলেন। ওয়ারেন হেস্টিংসের সময় কাশিম বাজারের রাজা কান্ত নন্দীকে দেওয়া হয়। ইংরেজ কর্তৃপক্ষ যখন বাহারবন্দ পরগণাটি কাশিমবাজার এস্টেটভুক্ত করেন, তখন ভিতরবন্দ পরগণাটি নওগাঁ জেলার বলিহার জমিদারিভুক্ত করা হয়।’ “নাটোরের রাজত্বকালে ভূষণার এক ব্রাহ্মণের ব্রহ্মোত্তর বাজেয়াপ্ত হলে, তিনি পুণ্য শ্লোকা রানি ভবানীর নিকট নিম্নলিখিত শ্লোক প্রেরণ করেন:
‘পূবৈর্ক্ষঃ সংগ্রামসাহা নৃপতিপ্রভৃতিভিঃ পালিতা ভূষণা যা।
সীতারামেণ পশ্চাত্তদনু রসবতী রামকান্তেন চোঢ়া।
সা চেদানীং সপ্তদীকরযুগলগতা স্বামিহীনা বিরুপা।
কেষাং বা নানুগাসৌ ন চ ভবতি কথং কেন বা নানুদম্যা।’
রানি ভবানীর স্বামী রাজা রামকান্ত ভূষণার অধিপতি ছিলেন, এজন্য রানি ভবানী ভূষণার সপত্নী বলে বর্ণিত হয়েছেন।” উল্লেখ্য, “রানি ভবানী নাটোররাজ রামকান্তের সহধর্মিণী ছিলেন। রামকান্তই ভূষণাধিপতি ছিলেন। তদন্তরে রানি ভবানীর হস্তগত হয়, এইজন্য কবি ভূষণাকে “সপত্নী-করযুগলগতা” বলিয়া বর্ণনা করিয়াছেন।
রামকৃষ্ণের সময়েও প্রকৃত রাজকার্য পর্যালোচনা করতেন রানি ভবানী স্বয়ং; তিনি যেমন রাজনৈতিক কার্যে তীক্ষ্ণ বুদ্ধিশালিনী, তেমনই দানশীলা, ধর্মগতপ্রাণা আদর্শ হিন্দু রমণী; তিনি বঙ্গের অহল্যাবাই, দানপুণ্যে তিনি সমগ্র বঙ্গে প্রাতঃস্মরণীয়া হয়ে রয়েছেন। বিশেষত সীতারামের ধর্মকীর্তি সুব্যবস্থিত করে তিনি যশোরবাসীকেও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে রেখেছেন। ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর কুষ্টিয়া জেলায় ছোটবড় ২৬১টি জমিদারের সৃষ্টি হয়। তবে অধিকাংশ জমিদার কৃষ্ণনগরের, মহারাজা, নাটোরের মহারানি মুর্শিদাবাদ এস্টেট, নলডাঙ্গার রাজা, এবং মেদিনীপুর এস্টেটের অধীন ছিলেন। রানি ভবানীর কর্মচারী রায় খোশাল সিংহ ১৭৯৪ খ্রিঃ মুর্শিদাবাদের জঙ্গিপুরে রঘুনাথজীর মন্দির প্রতিষ্ঠা করেন। রঘুনাথজীর বা মন্দির প্রতিষ্ঠার আগে রানি ভবানীর স্বামী রামকান্ত নাটোরের রাজা ছিলেন।
নবাব সুজাউদ্দিন ১১৪৫ সনে (বাংলা) তাঁকে জমিদারি দেন। পলাশির যুদ্ধের পরে ইংরাজ শাসনে আসায় রানির দুর্ভোগ শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়মে ১১৬৬ সালের ৩০ চৈত্র সন্ধ্যার মধ্যে খাজনা দিতে না পারায় অনেক তালুক বিক্রি করতে হয়। রানি ভবানী বহুসংখ্যক ব্রাহ্মণকে নিষ্কর ভূমি দান করেছিলেন। তিনি কবিরাজ ও হাকিম নিযুক্ত করে রোগার্তের সাহায্য করতেন। এমনকি, পথপাখি কীটপতঙ্গের
আহারেরও ব্যবস্থা করতেন। নাটোর ও গয়াধামেও তাঁর কীর্তি রয়েছে। বৈষয়িক কার্য পরিচালন শক্তি, ধর্মনিষ্ঠা ও দানশীলতার জন্য রানি ভবানী বঙ্গদেশের অহল্যাবাই বললেও কিছুমাত্র অত্যুক্তি হয় না। খ্যাতি লাভ করেন রানি ভবানী হিসেবে। তাঁর এই খ্যাতির মূলে বিশেষভাবে কাজ করেছে ব্রাহ্মণ পুরোহিতদের প্রচার। তিনি ব্রাহ্মণদের মধ্যে ১০০০০০ বিঘা জমিদান করে ছিলেন নিষ্করভাবে। তিনি বারাণসীতে (কাশী) বিপুল অর্থ ব্যয়ে নির্মাণ করান ৩৮০টি বিরাট মন্দির। তাঁর জমিদারির তিন রাজধানীর একটি ছিল নাটোর। এখানে দৃশ্যত তিনি কিছুই করেননি। তাই নাটোরের সাবেক এস.ডি.ও.পি.এ. নাজির আক্ষেপ করে বলেন, “সারা মহকুমায় কোথাও রানি ভবানীর জনকল্যাণমূলক কোন প্রতিষ্ঠান নজরে পড়েনি আমার। এমনকি চেষ্টা করেও খুঁজে পাইনি। দু’একটা পুকুর এবং শহরে একটা দীঘি ছাড়া আর কোনো কিছুই দেখতে পাইনি। সংখ্যাগুরু প্রজাকুল মুসলমানদের কথা বাদই দিলাম, তাঁর নিজের স্বজাতির কল্যাণেও দীঘি ছাড়া কেউ আর কিছুর খোঁজ পাবেন না। নাটোর রাজাদের সবচেয়ে বড় সামাজিক দানের নজির হচ্ছে রাজা-রানিরা কলকাতা থেকে ট্রেনযোগে নাটোর স্টেশনে এসে সেখান থেকে ঘোড়ায় টানা গাড়িতে রাজবাড়িতে যেতেন তখন রাস্তার দুধারে উঁচা বাজার, নিচা বাজারের বেশ্যারা কলসি কাঁখে দাঁড়িয়ে উলুধ্বনি দিত। এটাই যুগ যুগ চলে আসছে এই শহরে। কোনো মুসলমান কখনো ছাতা মাথায় দিয়ে বা জুতা পরে রাজবাড়ি এলাকার রাস্তা দিয়ে চলাফেরা করতে পারত না। করলে শাস্তি হয় মৃত্যুদন্ড, নয়ত চরম নিপীড়ন। এই তথ্য পাওয়া গেল রাজার পরিত্যক্ত পিসিমার কাছে- যিনি দেশ ভাগের পরও পিতৃগৃহে বৈধব্যের জীবনযাপন করছিলেন। চাকর আর মন্দিরের সেবাইতদের করুণার ওপর নির্ভর করে।”
থাক সে কথা, অদৃষ্টের পরিহাস এটাই যে, রাজ্য ক্ষমতায় থাকাকালে এই মহীয়সী নারী প্রজাদের কল্যাণে কোটি কোটি টাকা দান করেন। অথচ বার্ধক্য বয়সে পৌঁছে তিনিই আবার অন্যের দানের ওপর নির্ভর করে শেষ জীবনটি কাটান। ব্রিটিশ গভর্নর জেনারেল প্রথমে তাঁকে মাসিক চার হাজার টাকা করে ভাতা প্রদান করতো। পরবর্তীতে সেই ভাতা কমিয়ে এক হাজার টাকা করা হয়। তাঁর ভাতা বাড়ানোর জন্য আবেদনও করা হয়েছিল কিন্তু সে আবেদন নাকচ করা হয়।
স্বামী রামকান্তের মৃত্যুর পর তিনি ৫৮ বছর জীবিত ছিলেন। বাংলা ১২০৯ সালের ভাদ্র মোতাবেক ইংরেজি ১৮০২ সালের ৫ সেপ্টেম্বর মুর্শিদাবাদের বরাহনগরে এই মহীয়সী ৭৯ বছর বয়সে দেহত্যাগ করেন। তাঁর পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য রাজা বিশ্বনাথ ব্রিটিশ সরকারের কাছে অর্থ বরাদ্দের আবেদন জানান। কিন্তু সে আবেদন নাকচ হয়। পরে অবশ্য ব্রিটিশ সরকারের কাছ থেকে তাঁর শ্রাদ্ধের জন্য কিছু অর্থ পাওয়া যায়। ফলে শ্রাদ্ধ-শান্তিও করা হয়। হিন্দুধর্মের প্রতি রানি ভবানীর ছিল প্রগাঢ় ভক্তি কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে অন্যান্য রাজন্যবর্গের মতো তিনি মোটেও মুসলমান বিদ্বেষী ছিলেন না।
কিন্তু এ গ্রন্থ লেখকের ধারণা এই যে, অখণ্ডভাবে সুদীর্ঘকাল বিশাল সাম্রাজ্য শাসনের পরিচিতি, হিন্দুধর্ম ও হিন্দু সম্প্রদায়ে স্বার্থে তাঁর বিশেষ জনকল্যাণমূখী অবদান, যেমন : সংস্কৃত টোল, চতুষ্পাঠি, পুকুর, দীঘি, রাস্তা পুল বা সাঁকো প্রভৃতি নির্মাণের সক্ষমতাই রানি ভবানীর সুখ্যাতির প্রধান কারণ সমূহের অন্যতম। কিন্তু তার অধিকাংশ দানসমূহ ছিল পশ্চিম ও দক্ষিণমুখী। নাটোরের স্ত্রী হিসেবে তাঁর স্মৃতি রক্ষার্থে সেই ‘রানি ভবানীর জাঙ্গাল’ ছাড়া বড় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা স্থাপনা গড়েননি তিনি। তবে সেকালে তিনি নাটোরে বেশকিছু টোল বা পাঠশালা সংস্কৃত চর্চার স্বার্থে গড়ে তুলেছিলেন তা সত্য। কিন্তু বর্তমানে তার এখন কোনো অস্তিত্ব না থাকলেও ইতিহাসের পাতাগুলি সে কথা আজও সকলকে জানান দিয়ে যাচ্ছে। তার সম্প্রদায়ের ক্ষেত্রে তিনি যতটা উদার ভূমিকা রাখেন, সে তুলনায় মুসলমান সম্প্রদায় তাঁর কাছ থেকে তেমন একটা সুবিধা পাননি।
