নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
চিঠি-পত্র

নাটোরের কাঁচাগোল্লা: জিআই স্বীকৃতি আছে, নিরাপদ উৎপাদন কোথায়?

নাটোরের কাঁচাগোল্লা: জিআই স্বীকৃতি আছে, নিরাপদ উৎপাদন কোথায়?

একটি জনপদের পরিচয় শুধু তার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকে না; সেই পরিচয়ের সঙ্গে মিশে থাকে ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও নিজস্ব খাদ্যাভ্যাস। নাটোরের কাঁচাগোল্লা তেমনই একটি ঐতিহ্য, যা প্রায় আড়াইশ বছর ধরে এ অঞ্চলের গৌরব ও পরিচয়ের অংশ হয়ে আছে। স্বাদ, স্বাতন্ত্র্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে দেশের মানুষের কাছে কাঁচাগোল্লা নাটোরের বিশেষ পরিচিতি তৈরি করেছে। ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি সেই পরিচয়কে দিয়েছে রাষ্ট্রীয় মর্যাদা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এই গৌরবের পেছনের উৎপাদনব্যবস্থাই যদি অস্বাস্থ্যকর ও অনিরাপদ হয়ে ওঠে, তাহলে সেই স্বীকৃতির প্রকৃত মূল্য কোথায়?
নাটোর শহরের জয়কালীবাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বারিক মিষ্টান্ন ভান্ডারের কারখানায় সাম্প্রতিক অভিযানে যে চিত্র উঠে এসেছে, তা কেবল একটি প্রতিষ্ঠানের অনিয়ম নয়; এটি খাদ্যনিরাপত্তা ব্যবস্থার প্রতি গুরুতর সতর্কবার্তা। কারখানায় কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরির স্থান এবং সংরক্ষণাগারে তেলাপোকার উপস্থিতি, মেঝেতে উন্মুক্ত খাদ্যপণ্য পড়ে থাকা এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি জনমনে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা এবং সেখানে মজুত আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই অভিযানে হরিশপুর এলাকার আল মদিনা বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন প্রয়োগের ক্ষেত্রে এসব পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন হচ্ছে, অনিয়ম শনাক্ত হওয়ার পর শাস্তি নিশ্চিত করাই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একমাত্র দায়িত্ব? অনিয়ম যাতে ঘটতেই না পারে, সেই প্রতিরোধমূলক ব্যবস্থা কতটা কার্যকর?
একটি বিষয় স্পষ্টভাবে উপলব্ধি করা প্রয়োজন—জিআই স্বীকৃতি কোনো পণ্যের জন্য শুধু সম্মান বা প্রচারের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে পণ্যের স্বাতন্ত্র্য, ঐতিহ্য ও সুনাম রক্ষার দায়। নাটোরের কাঁচাগোল্লা জিআই স্বীকৃতি পেয়েছে বলেই এর উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি ধাপে আরও বেশি সতর্কতা প্রয়োজন। অথচ ঐতিহ্যবাহী মিষ্টি উৎপাদনের কারখানায় যদি তেলাপোকার বিচরণ থাকে, খাদ্যপণ্য খোলা মেঝেতে পড়ে থাকে, তাহলে সেই উৎপাদনব্যবস্থাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা যায় না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, একটি প্রতিষ্ঠানের অনিয়মের নেতিবাচক প্রভাব পুরো জেলার ঐতিহ্যের ওপর পড়তে পারে। দ্বারিক মিষ্টান্ন ভান্ডার একসময় স্বাদ ও মানের কারণে পরিচিতি অর্জন করেছিল। কিন্তু অতীতের সুনাম বর্তমানের অনিয়মকে বৈধতা দিতে পারে না। বলা বাহুল্য দীর্ঘদিনের পরিচিত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দায়িত্ব আরও বেশি। কারণ তাদের পণ্যের সঙ্গে শুধু ব্যবসায়িক পরিচিতি নয়, একটি জনপদের সম্মানও জড়িয়ে থাকে। এখানে ব্যবসায়িক নৈতিকতার প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যপণ্য উৎপাদন নিছক মুনাফা অর্জনের কার্যক্রম নয়; এটি সরাসরি মানুষের স্বাস্থ্য ও জীবনের সঙ্গে সম্পর্কিত। একজন ভোক্তা যখন কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে খাবার কেনেন, তখন তিনি ধরেই নেন পণ্যটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পরিবেশে তৈরি হয়েছে। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল। মুনাফার প্রতিযোগিতায় মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির বিষয়টিও জোড়ালো হয়ে উঠছে। প্রশ্ন উঠতেই পারে, একটি পরিচিত মিষ্টান্ন প্রতিষ্ঠানের কারখানায় এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগেই কি তা শনাক্ত করা সম্ভব ছিল না? খাদ্য উৎপাদন ও সংরক্ষণব্যবস্থা নিয়মিত পরিদর্শনের দায়িত্ব যেসব প্রতিষ্ঠানের, তাদের নজরদারি কতটা কার্যকর? কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ার পর অভিযান পরিচালনা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিকারের চেয়ে প্রতিরোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিত নজরদারি আরও জোরদার করা জরুরি। নাটোর জেলার সব মিষ্টান্ন কারখানা, বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে নিয়মিত এবং আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের স্থান পরিচ্ছন্ন রাখা, নিরাপদ পানি ব্যবহার, পোকামাকড় নিয়ন্ত্রণ, কর্মীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য উৎপাদন ও বিপণন বন্ধে কঠোর অবস্থান নিতে হবে। অনিয়ম পাওয়া গেলে প্রতিষ্ঠানের আকার, পরিচিতি কিংবা প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমনটি শুরু হয়েছে। তবে একই সঙ্গে শুধু শাস্তি নয়, খাদ্য উৎপাদকদের সচেতন ও দক্ষ করে তোলার উদ্যোগও প্রয়োজন। ছোট-বড় সব প্রতিষ্ঠানের কর্মীদের খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। যেসব প্রতিষ্ঠান নিয়মিত মান বজায় রাখছে, তাদের উৎসাহিত করতে হবে। এতে একদিকে যেমন খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে সৎ ব্যবসায়ীরাও প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ পাবেন। এখানে ভোক্তাদের দায়িত্বও অস্বীকার করার কোন সুযোগ নেই। খাবার কেনার ক্ষেত্রে উৎপাদন ও সংরক্ষণের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া, অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা বাড়ানো জরুরি। তবে ভোক্তার সচেতনতাই যেন প্রশাসনিক নজরদারির বিকল্প হয়ে না দাঁড়ায়। নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রধান দায়িত্ব উৎপাদক ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার। কেননা নাটোরের কাঁচাগোল্লার ঐতিহ্য কোনো একক ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ নয়। এটি পুরো জেলার মানুষের গর্ব। একটি প্রতিষ্ঠানের অনিয়মের দায় যেমন পুরো জেলার সব উৎপাদকের ওপর চাপানো যায় না, তেমনি কোনো প্রতিষ্ঠানের অতীতের সুনামের কারণে বর্তমানের অপরাধও উপেক্ষা করা যায় না। সৎ ও দায়িত্বশীল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যও অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা খুবই প্রয়োজন। মনে রাখতে হবে, জিআই স্বীকৃতি অর্জন করা গৌরবের; কিন্তু সেই গৌরব ধরে রাখা আরও বড় দায়িত্ব। কাগজে-কলমে স্বীকৃতি থাকলেই কোনো পণ্যের মর্যাদা অক্ষুণ্ন থাকে না। উৎপাদনের মান, বিশুদ্ধতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং ভোক্তার আস্থার মধ্য দিয়েই একটি পণ্যের প্রকৃত পরিচয় প্রতিষ্ঠিত হয়। নাটোরের কাঁচাগোল্লার পরিচয় যেন তেলাপোকার উপদ্রব, অস্বাস্থ্যকর কারখানা কিংবা খাদ্যনিরাপত্তার অনিয়মের কারণে প্রশ্নবিদ্ধ না হয়। এ জন্য প্রয়োজন নিয়মিত নজরদারি, কঠোর আইন প্রয়োগ, ব্যবসায়িক সততা এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা। কাঁচাগোল্লার জিআই স্বীকৃতি নাটোরের অর্জন, আর এর বিশুদ্ধতা ও সুনাম রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। ঐতিহ্যের নাম ব্যবহার করে অনিয়মের ব্যবসা চলতে পারে না। কারণ একটি মিষ্টির স্বাদে যেমন একটি জনপদের পরিচয় বহন করে, তেমনি তার বিশুদ্ধতায় প্রতিফলিত হয় সেই জনপদের দায়িত্ববোধ ও মর্যাদা।