নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
বিশেষ প্রতিবেদন

১৮ কোটি টাকার প্রকল্প, পাঁচ মাসেও কোদাল পড়েনি সড়কে!

কার্যাদেশ আছে, বরাদ্দও আছে—তবু পাঁচ মাসেও শুরু হয়নি সড়কের কাজ। থমকে আছে সংস্কার প্রকল্প দুর্ভোগে চলনবিলের জনপদ।

১৮ কোটি টাকার প্রকল্প, পাঁচ মাসেও কোদাল পড়েনি সড়কে!

চাঁচকৈড়-বিলশা-কুন্দইল সড়কে দুর্ভোগের শেষ কোথায়, ঝুঁকি নিয়ে চলাচল দুই উপজেলার মানুষের। নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড়-বিলশা-কুন্দইল সড়ক যেন দুর্ভোগের আরেক নাম। কোথাও পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও ভেঙে সড়ক মিশেছে পাশের ডোবায়। আবার ডুবো সড়কের ঢালাই ক্ষয়ে বেরিয়ে এসেছে ভেতরের রড। অথচ এই বেহাল সড়ক সংস্কারে ১৮ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে কার্যাদেশ দেওয়া হয়েছে পাঁচ মাসেরও আগে। কিন্তু এখনো শুরু হয়নি কাজ। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে নাটোরের গুরুদাসপুর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দাদের।
স্থানীয়দের কাছে সড়কটি কেবল যাতায়াতের পথ নয়, দুই উপজেলার মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। চলনবিলের বুক চিরে যাওয়া প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের এক প্রান্তে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড়, অন্য প্রান্তে তাড়াশ উপজেলার সীমান্তবর্তী কুন্দইল। মাঝখানে রয়েছে বিলশা এলাকা। এর মধ্যে বিলশা থেকে কুন্দইল পর্যন্ত তিন কিলোমিটার ডুবো সড়ক। বর্ষায় ডুবো সড়ক পানিতে তলিয়ে গেলে নৌকাই হয়ে ওঠে চলাচলের ভরসা। তবে বিলশা থেকে পৌর শহর পর্যন্ত সাত কিলোমিটার সড়ক দিয়ে সারা বছরই যানবাহন চলাচল করে। বর্ষা মৌসুমে বিলশা ও কুন্দইল এলাকায় পর্যটকদের আনাগোনাও বাড়ে। কিন্তু সড়কের বেহাল দশা স্থানীয় মানুষের নিত্যদিনের দুর্ভোগের পাশাপাশি পর্যটন সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করছে। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, চাঁচকৈড় আমজাদ হোসেন স্মৃতি গেট থেকে বিলশা পর্যন্ত সাত কিলোমিটার এবং বিলশা থেকে কুন্দইল পর্যন্ত তিন কিলোমিটার ডুবো সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। সড়কটি ১৬ ফুট থেকে বাড়িয়ে ১৮ ফুট প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। ডুবো সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হবে। প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৯০৮ টাকা। কাজটি পেয়েছে বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান কোহিনূর এন্টারপ্রাইজ। তবে নাটোরের ঠিকাদার কাজী আসাদুজ্জামান হীরা উপঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করবেন বলে জানা গেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এত বড় বরাদ্দ ও কার্যাদেশের পরও কাজ শুরু হতে এত দেরি কেন? সরেজমিনে দেখা যায়, চাঁচকৈড় থেকে বিলশা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও সড়কের একাংশ ভেঙে পাশের ডোবায় পড়েছে। অন্যদিকে, বর্ষার পানি নেমে যাওয়ায় বিলশা থেকে কুন্দইল পর্যন্ত ডুবো সড়কটি এখন দৃশ্যমান। এই অংশের ঢালাই ক্ষয়ে গিয়ে বেরিয়ে এসেছে ভেতরের রড। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে চলাচলকারী গাড়িচালকদের ভাষ্য, বিকল্প কোনো পথ না থাকায় ঝুঁকি জেনেও প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে হচ্ছে। খানাখন্দে যানবাহন চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রীদের দুর্ভোগও কম নয়। তাঁদের অনেককে যানবাহন থেকে নেমে হেঁটে পথ পাড়ি দিতে হয়। বিশেষ করে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার সময় চরম বিপাকে পড়তে হয় স্বজনদের। কাজ শুরু না হওয়ার বিষয়ে উপঠিকাদার কাজী আসাদুজ্জামান হীরা বলেন, বর্ষার কারণে সড়ক সংস্কারের কাজ শুরু করা সম্ভব হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করা হবে। এলজিইডির গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া বলেন, দ্রুত কাজ শুরু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। আগামী বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। স্থানীয়দের প্রশ্ন, বর্ষার অজুহাতে কাজ পিছিয়ে গেলে পরবর্তী বর্ষা আসার আগেই কি সংস্কার শেষ হবে? নাকি আরও একটি বর্ষা মৌসুমে একই দুর্ভোগের মুখোমুখি হতে হবে তাঁদের? ১৮ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় থাকলেও সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করা মানুষের ভোগান্তি থেমে নেই। তাই কেবল আশ্বাস নয়, দ্রুত কাজ শুরু ও নির্ধারিত সময়ে তা শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে চাঁচকৈড়-বিলশা-কুন্দইল সড়কটি আবারও নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগের পথ হয়ে উঠবে।