নাটোরের নলডাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি মো. মিঠুন সরকারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ২৩ নভেম্বর ) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মিঠুন সরকার নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল মহল্লার ভুট্টো সরকারের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠুন সরকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ থেকে ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিল। সম্প্রতি মাদকসংক্রান্ত একটি মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নাটোর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোতালেব হোসেন। গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
