নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
অপরাধ পরিক্রমা

নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজার এলাকায় পরিত্যক্ত ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। রোববার (২২ নভেম্বর) দুপুরে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ কোম্পানির স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন পাটুল নিচা বাজার এলাকায় পাটুল থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের বাজারের ব্যাগ পড়ে থাকার খবর পায় এসআরবি-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে পৌঁছান এসআরবি সদস্যরা। রাত ৩টা ৪০ মিনিটের দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করা হয়। এসময় ব্যাগের ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো পরে জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। নলডাঙ্গা থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান বলেন, শনিবার রাতে এসআরবি-৫ নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কালো টেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসআরবি-৫-এর কাছ থেকে জিডিমূলে উদ্ধারকৃত ককটেলগুলো গ্রহণ করে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। তবে এই ঘটনাগুলোর সঙ্গে যারাই জড়িত থাক না কেন, তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।