ডিজিটাল পেয়াদা ও জমিদার ভানু বাবুর কীর্তি
সিংহল রাজ্যের জমিদার অরুনাভ গোস্বামি ভানু বাবু আগের মতো লাঠি-সোটা নিয়ে আর চলেন না; এখন তার হাতে দামি স্মার্টফোন আর মাথায় আধুনিকতার বাতিক। সকালের চায়ের কাপে চুমুক দিতে গিয়ে খবরের কাগজের প্রথম পাতায় শিরোনাম—‘ভানু বাবুর রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের মহোৎসব, অযোগ্যরা শিক্ষক আর যোগ্যরা বেকার!’ দেখে জমিদার বাবুর মাথায় রক্ত উঠে গেল। "কে লিখেছে এই খবর? নিশ্চয়ই এলাকার সমাজসেবক লালন বাবুর কারসাজি!"—গর্জে উঠলেন ভানু বাবু। এত বড় সাহস! আমার রাজ্যের স্কুল-কলেজ নিয়ে টানাটানি! প্রধান পেয়াদা কাজলানন্দ সুরকারকে হুকুম দিলেন ডেকে আন আমার ডিজিটাল পেয়াদাদের!"
মুহূর্তের মধ্যে জমিদার বাড়ির বৈঠকখানায় হাজির হলো ভানু বাবুর বিশ্বস্ত ১৫-২০ জন ডিজিটাল পেয়াদা। তবে এরা আগের আমলের মতো লাঠি-সোঁটা নিয়ে আসেনি, সবার হাতে ঝকঝকে স্মার্টফোন। এরা জমিদার বাবুর 'সাইবার বাহিনী'। পেয়াদাদের হাতে লাঠি নয়, সবার হাতে ধরিয়ে দেওয়া হলো নতুন ডেটা প্যাকসহ স্মার্টফোন।
ভানু বাবু গোঁফে তা দিয়ে বললেন, "শোন, এই খবর ছাপানোর পেছনে ওই সমাজসেবক লালন বাবুর হাত আছে। ব্যাটা গরীবের বন্ধু হয়েছে, আবার এলাকার উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলে! তোরা আজই ওর বিরুদ্ধে ফেসবুকে ঝড় তুলবি। ওর চরিত্র হনন করে ফেসবুকে এমনভাবে ধোলাই দে, যেন সে নিজের নাম ভুলে যায়! কমেন্টে কমেন্টে ভাসিয়ে দে!, যেন মানুষ আসল খবর ভুলে লালন বাবুকে নিয়েই পড়ে থাকে!"
পেয়াদাদের একজন, যার ফেসবুক আইডির নাম 'অ্যাঞ্জেল প্রিয়া', সে মাথা চুলকে, "জমিদার বাবুকে বললেন হুজুর, “লালন বাবু তো লোক ভালো। তার নামে কী লিখব?"
ভানু বাবু ধমক দিয়ে উঠলেন, "আরে গাধা! সত্য-মিথ্যা দেখার সময় আছে নাকি? লিখে দে—লালন বাবু রাতে ভূতের সাথে তাস খেলে, সে এলাকার কুকুরদের বিস্কুট চুরি করে খায়, কিংবা সে মঙ্গল গ্রহের এলিয়েনদের সাথে হাত মিলিয়েছে! যা খুশি লেখ, শুধু ওর ইমেজ ডাউন করতে হবে।"
ব্যস, শুরু হলো ডিজিটাল হামলা। পেয়াদারা যে যার মোবাইল নিয়ে বসে পড়ল। 'নীল আকাশ', 'কষ্টের ফেরিওয়ালা', 'ভালোবাসার কাঙাল'—এমন সব বাহারি ফেক আইডি থেকে লালন বাবুর বিরুদ্ধে কুৎসা রটনা শুরু হলো।
কেউ লিখল, লালন বাবু নাকি ছোটবেলায় পুকুরের মাছ চুরি করে খেয়েছিলেন; কেউ আবার ফটোশপ করে লালন বাবুর মাথার ওপর শিং বসিয়ে পোস্ট দিল।
এক পেয়াদা লিখল, "লালন বাবু নাকি গত বর্ষায় পুকুরের ব্যাঙগুলোকে ছাতা কিনে দেওয়ার কথা বলে টাকা মেরেছে!"
আরেক পেয়াদা মফিজ এক ধাপ এগিয়ে সে পোস্ট দিল, "সাবধান! লালন বাবু রাতে নাকি চাঁদের আলো চুরি করে বোতলে ভরে বিক্রি করেন!"
কমেন্ট বক্সে পেয়াদারা নিজেরাই নিজেদের পোস্টে 'হাহা' রিয়েক্ট দিতে লাগল, শেয়ার করতে লাগল আর লিখতে লাগল—'ছি! ছি! লালন বাবুর আসল রূপ বেরিয়ে পড়েছে!'
রাত বাড়তেই পেয়াদাদের ডেটা প্যাক শেষ হয়ে গেল। কারও ফোনে চার্জ নেই, কারও আবার টাইপ করতে করতে আঙুল ব্যথা হয়ে গেছে।
এদিকে এলাকার সাধারণ মানুষ ফেসবুকে এসব দেখে তো অবাক! সবাই ব্যাপারটা বুঝে ফেলল। সবচেয়ে বড় কথা, এলাকার মানুষ এই হাস্যকর কুৎসা দেখে লালন বাবুর বদলে উল্টো জমিদার ভানু বাবুর পেয়াদাদের নিয়েই ট্রল শুরু করে দিল।
লালন বাবু নিজেও বিষয়টি দেখলেন, কিন্তু তিনি রাগ না করে মুচকি হাসলেন। তিনি ফেসবুকে শুধু একটি ছোট্ট স্ট্যাটাস দিলেন:
"জমিদার বাবুর নিয়োগ বাণিজ্যের খবর ধামাচাপা দিতে আজকাল কিছু 'অ্যাঞ্জেল প্রিয়া' আর 'কষ্টের ফেরিওয়ালা' আমার পেছনে লেগেছে। তবে আমার একটাই প্রশ্ন—পেয়াদাগুলোর লেখার ভাষা ও বানান ভুলের যা ছিরি, তাতে মনে হচ্ছে পেয়াদারা বোধহয় ভানু বাবুর স্কুল থেকেই পাস করেছে!"
লালন বাবুর এক স্ট্যাটাসেই কাজ হয়ে গেল। পুরো এলাকার মানুষ হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগল। পেয়াদাদের পোস্টের নিচে গিয়ে মানুষ কমেন্ট করতে শুরু করল, "ভাই, কুৎসা রটানোর আগে বানানটা অন্তত ঠিক করে শেখ! তোদের নিয়োগ দিতে ভানু বাবু কত টাকা নিয়েছিলেন?"
পরদিন সকালে ভানু বাবু ফেসবুক খুলে দেখেন, লালন বাবুর বদনাম তো দূরের কথা, উল্টো পেয়াদাদের ভুল বানান আর হাস্যকর সব পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। এখন চলছে 'পেয়াদা বাহিনী বনাম চাঁদের আলো' নিয়ে তুমুল হাসাহাসি। মানুষ এখন নিয়োগ বাণিজ্যের পাশাপাশি পেয়াদাদের 'ডিজিটাল মূর্খতা' নিয়েও ট্রল করছে। রেগেমেগে ভানু বাবু ফোন ছুড়ে মারতে গিয়েও দামি ফোনের কথা ভেবে থেমে গেলেন। আর ডিজিটাল পেয়াদারা নতুন ডেটা প্যাকের আশায় জমিদার ভানু বাবুর বৈঠক খানায় ভয়ে হাত জোর করে দাঁড়িয়ে রইল।
