সৈয়দ শাহ্ নিয়ামতউল্লহ (রহ.)
সোনা মসজিদ তোহাখানা নামক স্থানে তাঁর মাজার
হযরত সৈয়দ শাহ নিয়ামতউল্লাহ (রহ.) ছিলেন সিদ্ধ পুরুষ ও একজন কামেল অলী-আল্লাহ্।
বংশগত দিক দিয়ে তিনি ছিলেন সৈয়দ। তাঁর পিতার নাম বন্দেগী মীর সৈয়দ আতাউল্লাহ্ (রহ.)। তিনি
“ওলিয়ে কাশ্মীর”-এ নামে প্রসিদ্ধ হয়েছিলেন।
শাহ্ নিয়ামতউল্লাহ্ (রহ.) সাহেবের ওপর আল্লাহ্ রব্বুল আলামীনের বিশেষ মেহেরবাণী ছিল; তাই
দুগ্ধপান শেষ হওয়ার পূর্বেই তিনি কথা বলতে শিখেছিলেন। তাঁর পিতা বন্দেগী মীর সৈয়দ আতাউল্লাহ (রহ.) নিজেও একজন বুযুর্গ ব্যক্তি ছিলেন। তিনি তাঁর পুত্র-সন্তানের এভাবে কথা বলতে দেখার
জন্যে অনুমান করেছিলেন যে, আল্লাহ পাকের করুণায় এ সন্তান ভবিষ্যতে ওলি আল্লাহর মর্যাদা
লাভ করবে। তাই তিনি তাঁকে নিজেই পবিত্র কুরআন শরীফ শিক্ষা দিতে আরম্ভ করেন। সুযোগ্য সন্তান এমনই মেধাবী ছিলেন যে, তিনি মাত্র চার বছর চার মাস বয়সে কুরআন শরীফ পড়া শেষ করেছিলেন।
অতপর পিতার কাছেই তিনি ধর্মীয় প্রাথমিক বইগুলো পড়েন। দুর্ভাগ্যবশত কিছুদিন পরই হযরত শাহ্ নিয়ামতউল্লাহ্ পিতৃহারা হন। তথাপি মাত্র তের বছর বয়সে তিনি হাদীস, তাফসীর, ফিকহ্ প্রভৃতি
শাস্ত্রে দক্ষতা লাভ করেন।
হায়দরাবাদের প্রখ্যাত বুযুর্গ শেখ মোহাম্মদ (রহ.) সুযোগ্য ব্যক্তিদের মুরীদ করতেন। শাহ
নিয়ামতউল্লাহ্ এ মহাপুরুষের অধ্যাত্ম সাধনার কথা শুনতে পেয়ে তাঁর কাছে আগমন করেন এবং তাঁর
শিষ্যত্ব গ্রহণ করেন। হযরত শেখ মোহাম্মদ (রহ.) তাঁকে বলেন, “আপনি দ্বীনী ইল্ম শিক্ষা
করেছেন কিনা” উত্তরে শাহ নিয়ামতউল্লাহ (রহ.) বলেন—“কিঞ্চিত শিক্ষা লাভ করেছি” শেখ বলেন, “আল্লাহর বান্দা এমনও আছে যে—শিক্ষা লাভ করেনি অথচ আল্লাহকে পাবার জন্যে ব্যাকুল”
হযরত শাহ্ সাহেব (রহ.) স্বীয় পীরের উক্তি শুনে বুঝতে পারলেন যে, শেখ তাঁকে আরো বিদ্যা
অর্জনের কথাই বলছেন। তাই তিনি উচ্চ শিক্ষা লাভের সংকল্প করেন।
এবার তিনি স্বীয় পীরের অনুমতিক্রমে বিদ্যাসাগর হযরত হাকীম জিবরাইল দৌলতাবাদীর খিদমতে
হাজির হন। হাকীম সাহেব নবাগত শিষ্যের অসাধারণ প্রতিভা ও যোগ্যতা দেখে আনন্দিত হলেন এবং যত্নের সাথে তাঁর জ্ঞানচর্চায় সহায়তা দিতে থাকেন। ওস্তাদ ছিলেন যেমন অনন্য শক্তির অধিকারী, শিষ্যও তেমনি মেধাবী ও প্রতিভাবান। ফলে অল্প সময়ের মধ্যে হযরত শাহ্ নিয়ামতউল্লাহ্ (রহ.) সমুদয় বিদ্যায় সুদক্ষ ও পারদর্শী হয়ে ওঠেন।
অতপর হাকীম জিব্রাইল (রহ.) নিজ কন্যার সাথে হযরত শাহ্ সাহেবের বিয়ে দেন। ইতিমধ্যে
দৌলতাবাদের জনৈক মন্ত্রীর ইনতিকাল হলে পর হাকীম সাহেবের পরামর্শে হযরত শাহ্ সাহেবকেই সে মন্ত্রীত্বের শূন্য আসন গ্রহণ করতে অনুরোধ করা হয়। কিন্তু সাংসারিক কোন কাজে তাঁর মন বসে
না; তিনি গোপনে দৌলতাবাদ থেকে বের হয়ে স্বীয় পীরের খিদমতে গিয়ে উপস্থিত হন। পীর সাহেব তাঁর কাছ থেকে আদ্যোপান্ত বিবরণ শুনে বলেন যে, ফিরোজাবাদে মতান্তরে ফিরোজপুরে গিয়ে ইসলাম
প্রচারে যত্নবান হওয়া উত্তম।
ফিরোজাবাদে পাঠাবার সময় তাঁর পীর শেখ মোহাম্মদ তাঁকে খিলাফত দান করে বলেন, “আল্লাহর বান্দাগণকে সর্বদা হিদায়েত করবে এবং কোন বুযুর্গ ব্যক্তির দেখা পেলে ফকিরীর ঝুলি তাঁর সামনে পেশ করবে এবং যা পাবে হাসিল করবে। সবার ওপর নিজের নফ্সকে পরাভূত রাখবে”
শাহ নিয়ামতউল্লাহ্ (রহ.) পীর শেখ সাহেবের উপদেশ শিরোধার্য্য করে বিদায় গ্রহণ করেন এবং বহু ত্যাগ স্বীকার করে বহু বছর ফিরোজাবাদে কাটিয়ে দেন।
সম্ভবত তিনি বাংলার সুবাদার শাহ সুজার শাসনামলে (১৬৩৯-৬০ খৃঃ) এদেশে আসেন। ডঃ শেখ মোহাম্মদ একরাম তাঁর “রুদে কাওসার” নামক উর্দু গ্রন্থে এ ওলি-আল্লাহ্ সম্পর্কে যে বিবরণ দেন
তা নিম্ন প্রকার—
শাহ্ সুজা কিছুকালের জন্য রাজমহলকে বাংলার রাজধানী করেছিলেন। এ সময় শাহ নিয়ামতউল্লাহ
(রহ.) ভ্রমণের উদ্দেশ্যে প্রথমে এখানে আসেন। সুবাদার শাহ সুজা তাঁকে বিশেষ মর্যাদা দান করেন।
কারো কারো মতে, শেষ জীবনে তিনি বাংলার গৌড় এলাকার ফিরোজাবাদে বর্তমান (পিরোজপুর) তসরীফ আনেন। এখানেই ১৬৬৪ খৃঃ ইনতিকাল করেন। কিন্তু কালিপদ লাহিড়ী নামক অপর এক লেখক বলেন যে, তাঁর মৃত্যুর সময় ১৬৬৯ খৃঃ। তিনি ছিলেন সেকালের এক বিশিষ্ট সূফী-সাধক। সেকালের গৌড় ও পান্ডুয়ার কতিপয় ধর্মপ্রাণ ব্যক্তির সাথে তাঁর ছিল গভীর সম্পর্ক এবং সেকালের শিক্ষা-দীক্ষার ক্ষেত্রেও তাঁর নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে উচ্চারিত হত। তিনি কয়েকখানি গ্রন্থের প্রণেতা ছিলেন।
ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক বঙ্গবিজয়ের পর থেকে এদেশে বহু পীর-
দরবেশ, ওলি-আল্লাহ্ ও সুফী-সাধক এসেছিলেন, তাঁদের একমাত্র লক্ষ্য ছিল ইসলামের ললিতবাণী
প্রচার করা। এঁদের অন্যতম ছিলেন হযরত সৈয়দ শাহ নিয়ামতউল্লাহ্ (রহ.) শাহওয়ালি (রহ.)। তাঁর
শেষ জীবনে এ শাহ সাহেব গৌড়ের পিরোজপুরে যিকর-আযকার ও ইবাদত-বন্দেগীতে ষোলটি বছর
অতিবাহিত করেন। এ সময় তাঁর জীবনের শত শত অলৌকিক ঘটনার কথা জানা যায়। কাশফের মাধ্যমে তিনি এ সময় অনেক ভবিষ্যদ্বাণী করেন যা পরবর্তীকালে অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণিত হয়েছে। তার ভবিষ্যদ্বাণীগুলোর কতিপয় অংশের বঙ্গানুবাদ করেছেন মওলানা ময়েজউদ্দীন আহমেদ। যথা—ভবিষ্যত বাণী
১. হারাম-হালালের পার্থক্য মোটেই থাকবে না এবং মহিলাদের অপহরণ করা হবে, শালীনতা ও ইজ্জত
লুণ্ঠন করা হবে।
২. রোযা, নামায, হজ্ব, যাকাত, ফিতরা—এসব থেকে উৎসাহ কমে যাবে এবং এগুলো মুসলমানদের মধ্যে এক একটি বোঝা হয়ে দাঁড়াবে।
৩. অত্যন্ত নিম্নস্তরের লোক সকল বাহ্যত বুযুর্গ হবে কিন্তু গোপনে সামান্য অর্থের বিনিময়ে
মেয়ে বিক্রির ন্যায় ঘৃণ্য পেশায় লিপ্ত হবে।
৪. মুসলমানদের সর্বাপেক্ষা বড় শহর বধ্যভূমিতে পরিণত হবে; প্রত্যেক ঘরেই কারবালা হবে।
৫. ইংরেজগণ ভারতবর্ষের রাজত্ব ছেড়ে দেবে, কিন্তু তাদের তৈরি ভন্ডামির বীজ এদেশে রেখে যাবে।
৬. মুকুটবিহীন অযোগ্য বাদশাহগণ রাজত্ব করবে। তাঁরা অনেক আইন-কানুন জারি করবে, কিন্তু সবই
অযোগ্য হবে।
৭. রাসূলুল্লাহ্ (সাঃ)-এর উম্মতগণের মধ্যে সীমাহীনভাবে অন্যায় কার্যকলাপ ও পাপাচার বৃদ্ধি পাবে।
৮. ইসলামের শত্রুরা সবই মারা পড়বে এবং আল্লাহ্ পাক স্বীয় রহমত নাযিল করবেন।
৯. ভারতের মত ইউরোপের ভাগ্য বিড়ম্বিত হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ বাধবে।
১০. যদি জয়লাভ করতে চাও তাহলে আল্লাহর ওয়াস্তে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চল।
১১. ঘুষ ও অলসতার কারণে ইচ্ছাকৃতভাবে সরকারী কাজকর্ম সময় মত হবে না।
১২. কিয়ামতের মত একটি ভূমিকম্প হবে এবং তাতে জাপানের এক-তৃতীয়াংশের অর্ধেক লোক ধ্বংস হবে।
১৩. যুগের কারণে আদর ও স্নেহ নিষ্ঠুরতায়, এবং তাজীম ও সম্মান বেআদবীতে পরিবর্তিত হবে।
১৪. পৃথিবীর অবস্থা চিন্তা করে আমি বড় বিচলিত হয়েছি। দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের
অনুরোধ করি যে, আপনারা খৃস্টানী ভাব-ভঙ্গি পরিত্যাগ করুন, তাদের জীবনধারা ছেড়ে দিন।
১৫. মুসলমানের জীবন ও সম্পদ দুটিই সমানভাবে মূল্যহীন হয়ে পড়বে। তাদের দেহের রক্ত সাগরের
স্রোতের মত বইতে থাকবে।
১৬. একটি বিরাট শহর নরঘাতী শহরে পরিণত হবে এবং তার গৃহে গৃহে কারবালার আহাজারি শোনা যাবে।
১৭. মুসলমানদের মধ্যে অনেক দো-দেল বান্দার সৃষ্টি হবে এবং নিজেদের স্বার্থচিন্তায় তারা গোপনে
শত্রুদের সাহায্য করবে।
১৮. মুহাররম মাস আসলে মুসলমানেরা তাদের প্রতিশোধ নেয়ার জন্যে ধীরে ধীরে তৈরি হবে।
১৯. এ সময়ে ভারতবর্ষের কোন এক স্থানে ভূপৃষ্ঠের বিলক্ষণ পরিবর্তন ঘটবে এবং এ সময় ওসমান
নামক কোনও এক ব্যক্তি যুদ্ধের জন্যে তৈরি হবে।
২০. যে-সব গুপ্তকথা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম এবং যে-সব মুক্তার মত জিনিস আপনাদের
কাছে ছড়িয়ে দিলাম, জয়লাভের পথে এসব জিনিস আপনাদের গুপ্তধনের মত সাহায্য করবে।
২১. যখন শুভবছর “কা-না জাহুকা” কুরআনের একটি আয়াত থেকে শুরু হবে, ইমাম মেহেদীর আবির্ভাব ঘটবে।
২২. অতএব হে নিয়ামত, নীরব হও ও আল্লাহ্ রাব্বুল আলামীনের গুপ্ত কথা আর প্রকাশ করবে
না—এসব ভবিষ্যদ্বাণী যথাকালে প্রকাশ পাবে।
মুসলমান রাজা-বাদশাহ ও শাসকেরা বরাবরই পীর-দরবেশগণকে আনুকূল্য দান করতেন। ভারত সম্রাট আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭) বহু মাযারের রক্ষণাবেক্ষণ করেন এবং সাধু-সন্ত সূফীদের
ভরণপোষণের ব্যাপারে বহু জমিজমা মঞ্জুর করেন। অনুরূপভাবে তিনি হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ
(রহ.)-এর নামে বহু জমিজমা ও সম্পত্তি প্রদান করেন। উক্ত সম্পত্তির পরিমাণ ছিল ২৯২১ একর
(দুই হাজার নয়শত একুশ একর)। তিনি ছিলেন ফার্সী ভাষায় সুপন্ডিত। কাজেই ফার্সীতে কুরআনের
তরজমা করেন।
সম্পূর্ণ কুরআন শরীফের যতগুলো বর্ণ আছে ফার্সী অনুবাদেও ততগুলো বর্ণ আছে।
চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত পিরোজপুর গ্রাম সংলগ্ন তোহাখানা নামক স্থানে তাঁর মাজার বিদ্যমান। এখানে বহু গুণগ্রাহী ও পর্যটকদের ভিড় জমে থাকে। পার্শ্বে একটি সুবৃহৎমসজিদ বিদ্যমান রয়েছে। এ মসজিদটি মোঘল যুগের কারুকার্য দ্বারা শোভিত।
তথ্যসুত্র- হযরত শেখ ফরিদুদ্দীন আত্তার (রহ.) এর তাযকেরাতুল আউলিয়া গ্রন্থ।
