নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
জঙ্গল পরিষ্কারে বের হয় চারশ’ বছরের প্রাচীন মুঘল স্থাপত্যশৈলী

কালের স্বাক্ষী নাটোরের চাপিলা শাহী জামে মসজিদ

কালের স্বাক্ষী নাটোরের চাপিলা শাহী জামে মসজিদ

মুঘল স্থাপত্যশৈলীর অপরুপ নিদর্শন ‘বৃ-চাপিলা শাহী জামে বড় মসজিদ’। স্থানীয়ভাবে ‘গায়েবি মসজিদ’ নামে পরিচিত মসজিদটি নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে অবস্থিত। প্রায় ৪শ’ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তিনগম্বুজ ও তিন দরজার মসজিদটি। গুরুদাসপুর উপজেলা প্রশাসনের ওয়েব সাইটে উল্লেখ রয়েছে যে, বাদশা শাহজাহানের সময়কালে ১৬২৮-১৬৫৮ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময় এটি নির্মিত হয়েছিল। নাটোর জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বৃ-চাপিলা গ্রামের এ মসজিদটি সংস্কার করে বর্ধিত অংশে আধুনিকতার ছাপ আনা হলেও মুল অংশে রেখে দেওয়া হয়েছে প্রাচীন নকশা ও কারুকাজ।
জানা যায়, চাপিলা এক সময় ছিল মুঘলদের প্রশাসনিক কেন্দ্র। মুঘল শাসনামলে বাদশাহ শাহজাহানের ছেলে সুজা বাংলার গভর্নর নিযুক্ত হন। সে সময় চাপিলা গ্রামে মুঘল সেনাদের ফাঁড়ি ছিল। মানুষেরও বসবাস ছিল চাপিলায়। এ অঞ্চলের প্রাচীন দুর্গ, কাচারি, অট্টালিকা, জলাশয়, মসজিদ আর ১৭৮৭ খ্রিস্টাব্দের ২৭ জুনের আদেশ অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে এখানে ফৌজদারি আদালতের খবর পাওয়া যায়। সে সময় মুঘল কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের নামাজের জন্য মসজিদটি স্থাপন করেন মুনশি এনায়েতউল্লাহ। মসজিদের গায়ে খোদাই করে প্রতিষ্ঠাতা হিসাবে তাঁর নামও লেখা ছিল। এক সময় মুঘল সেনাসহ এলাকার বাসিন্দারা অন্যত্র চলে যান। কালক্রমে ধ্বংস হয় চাপিলা নগরী। তারপর বহুদিন লোকচক্ষুর আড়ালে ছিল এ অঞ্চল। মসজিদটিও হয়ে পড়ে জঙ্গলাকীর্ণ।
১৯৪৭ এর দেশভাগের পর এ এলাকায় বসতি গড়তে থাকেন মুর্শিদাবাদ, কলকাতা এবং ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে আগত মানুষেরা। সে সময়ই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এলাকার মানুষ খুঁজে পায় অব্যবহৃত এ মসজিদটি। দীর্ঘ সময় জঙ্গলে ঢেকে থাকা মসজিদটি তারা সংস্কার করে পুনরায় নামাজ শুরু করেন। জঙ্গল পরিষ্কার করে আকস্মিক মসজিদ দেখতে পাওয়ায় কেউ কেউ প্রচার করেন যে এটি গায়েবীভাবে এক রাতের মধ্যে সৃষ্টি। ইট-সুরকি দিয়ে তৈরি মসজিদটি দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট ও প্রস্থ ২০ ফুট। এটির দেয়ালের প্রস্থ ৪ ফুটের মতো। মসজিদটিতে রয়েছে বিশাল আকৃতির তিনটি গম্বুজ ও দুই পাশে দুটি মিনার। প্রতিটি গম্বুজ ও মিনারের শীর্ষে রয়েছে চাঁদ-তারা। গম্বুজগুলো সোনালী রঙের হওয়ায় দূর থেকে দেখলে মনে হয় সোনা দিয়ে মোড়ানো। মসজিদে প্রবেশের জন্য রয়েছে অপরুপ নকশা আর কারুকাজে সুসজ্জিত তিনটা দরজা। মসজিদের ভেতর প্রতিটি দেয়াল ও মেহরাবে চোখ ধাঁধানো নকশা ও বিভিন্ন কারুকাজে ভরা। এখনও দূর-দূরান্ত থেকে মানুষ আসেন মসজিদটি দেখতে। ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করে। কেউ কেউ হাঁস-মুরগী বা অন্য কিছু মানতও করেন।
মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার ফারুক হোসেন বলেন, আমার নানা মিয়া হোসেন সরকার ময়মনসিংহ থেকে বৃ-চাপিলা গ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন। নানার মুখে শুনেছি, সে সময় বড় বড় বেতের ঝোপঝাড়ের নীচে ঢাকা পড়েছিল মসজিদটি। তখন এ এলাকায় অনেক আদিবাসীরা বসবাস করতো। পরে তিনিসহ বিভিন্ন এলাকা থেকে আসা মুসলিম সম্প্রদায়ের লোকজন জঙ্গল পরিষ্কার করে মসজিদে আবার নামাজ আদায় শুরু করেন।
চাপিলা সাধুপাড়ার বয়োবৃদ্ধ এমদাদুল হক (৭০) বলেন, মোঘল আমলে জনশূন্য হয়ে পড়া এই এলাকা জুড়ে ছিল বড় বড় বেতের জঙ্গল। পুরো এলাকা জুড়ে বাঘ ও সাপসহ বন্য প্রাণীদের বসবাস ছিল। ১৯৬০ সালের পর থেকে এই এলাকায় আবারও মানুষের বাস শুরু হয়। ৬০ এর দশকে মসজিদটির পরিষ্কার করার পর বাঘের ভয়ে পালা করে মুসল্লিরা পাহারা দিয়ে নামাজ পড়তেন বলে তিনি জানান।
শুক্রবার মসজিদটির খতিব মওলানা মাহমুদুল্লাহ বলেন, মসজিদে তিন কাতারে ৬০-৬৫ জন মুসল্লী নামাজ পড়তে পারেন। ১৯৯০ সালের পর মুসল্লি বাড়ায় মসজিদের আয়তন বাড়ানো হয়। মুঘল আমলের মসজিদটিতে অনেক কারুকার্য থাকলেও সময়ের বিবর্তনে কিছু কারুকার্য নষ্টও হয়ে গেছে। প্রতি ওয়াক্তে ৫০-৬০ জন নামাজ পড়েন মসজিদটিতে। জুম্মার দিনে দুই থেকে আড়াইশ’ মুসল্লির সমাবেশ ঘটে। তবে মুসল্লী বেশি হওয়ায় বারান্দাসহ পাশের ঈদগাহ মাঠে চট বিছিয়েও নামাজ পড়তে হয়। এ জন্য মসজিদটি বড় করার দরকার।
স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল হান্নান বলেন, এই এলাকা জনমানবশূন্য থাকায় এলাকাবাসী মসজিদটির নির্মাণকারীর পুরো তথ্য জানেন না। তবে শাহী মসজিদের নামে ৬৫ বিঘা জমি মুন্সী এনায়েত উল্লাহ নামের একজন দান করেছেন বলে ১৯২০ সালের রেকর্ডে উল্লেখ আছে। তবে মুন্সী এনায়েত উল্লাহ মুঘল আমলের সরকারী কর্মচারী ছিলেন এটা জানলেও বিস্তারিত পরিচয় বা তার বংশধর কারা এই বিষয়ে কোনও তথ্য স্থানীয়রা জানেন না।
স্থানীয় বাসিন্দা ও কৈডিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলম বলেন, এটি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী মসজিদ। মুসলিম ঐতিহ্যের প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি। সময়ের প্রয়োজনে মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদ কলেবর বাড়ানোর উদ্যোগ নিলেও মুল মসজিদের আকার-আকৃতি যেন ঠিক রাখা হয় এটিই আমাদের দাবি।