নাটোর | রেজি: নং-রাজ: ১৬১ | শনিবার, ৩০ আগস্ট ২০২৬ | ২৯ বর্ষ

প্রিন্ট ভার্সন দেখতে ক্লিক করুনপ্রিন্ট ভার্সনআর্কাইভ
শিরোনাম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এখানে আপনার বিজ্ঞাপন দিনসাপ্তাহিক হিসাবের পাঠকের কাছে পৌঁছান — বিস্তারিত জানুন →
সম্পাদকীয়

সার সংকটের সমাধান করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বর্তমান সার সংকটের কারণে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। সার সংকটের কারণে প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন ঘটনা। প্রতিদিন সংবাদ শিরোনাম হচ্ছে সার সংকটের কোন না কোন ঘটনা।
এমন অবস্থায় কৃষক জাবেদ আলী দিশেহারা হয়ে ছুটছেন সার সংগ্রহের জন্য। কারণ সার না পেলে তার কৃষিকাজ থমকে যাবে। থমকে যাবে তার জীবন ধারণ। বন্ধ হয়ে যাবে তার সন্তানের লেখাপড়া। বন্ধ হয়ে যাবে তার ঋণ পরিশোধের কিস্তি। মামলা করবে ঋণদাতা প্রতিষ্ঠান। ঘুরতে হবে কোর্টের বারান্দায়। একসময় ওয়ারেন্টের আসামি হয়ে পুলিশের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াবে। এমন অবস্থায় নাম পরিচয় গোপন করে হয়তো কাজ করতে হবে কোন গার্মেন্টস কারখানায়। জাবেদ আলীর স্ত্রী কাজ নিবে কোনো বৃত্তশালীর বাড়িতে। তার স্ত্রীর নতুন পরিচয় হবে "কাজের বুয়া"। জাবেদ আলীর সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। যোগ দিবে কোন সন্ত্রাসী গ্রুপে। সমাজে জাবেদ আলীর সন্তানের পরিচয় হবে একজন সন্ত্রাসী হিসাবে। একদিন ভিটে-মাটি বিক্রি করে জাবেদ আলী হয়ে যাবে ভূমিহীন। সমাজে সেই কৃষক জাবেদ আলির নতুন পরিচয় হবে "দিনমজুর জাবেদ আলী অথবা ভিখারি জাবেদ আলী" নামে।
এই সার সংকট চলতে থাকলে জাবেদ আলীর মত পরিণতি হবে বাংলাদেশের লাখো কৃষকের। বাংলাদেশের লাখো কৃষক পরিণত হবে জাবেদ আলীর মত দিনমজুর অথবা ভিখারী হিসাবে। দেশে নতুন করে জন্ম নিবে লাখো দিনমজুর ও ভিখারি। দেশে নতুন করে জন্ম নেবে জাবেদ আলীর ছেলের মত লাখো সন্ত্রাসী। জাবেদ আলীর স্ত্রীর মতো লাখো কৃষকের স্ত্রী সমাজে নতুন করে জন্ম নেবে “কাজের বুয়া” হিসাবে। সার সংকটের প্রভাবে শুধু কৃষক ভূমিহীন বা ভিখারি হবে না। এর নেতিবাচক প্রভাব পড়বে আমাদের সমাজে। কৃষক উৎপাদন করতে না পারলে দেশে তৈরি হতে পারে খাদ্য সংকট। দেশের খাদ্য নিরাপত্তা ভেঙ্গে পড়তে পারে। দেশে দেখা দিতে পারে দুর্ভিক্ষ।
বাংলাদেশের ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষি উৎপাদন ব্যাহত হলে দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে সবচাইতে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। এমনিতেই বাংলাদেশ এক সংকটময় অর্থনীতির মধ্য দিয়ে চলছে। তার ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি হলে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়তে পারে। তাই দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে সার সংকটের সমাধান করতে হবে। অন্যথায় দেশের অর্থনীতি এক সংকটময় পরিস্থিতির দিকে ধাবিত হবে। আর দেশে যদি অর্থনৈতিক মন্দা বা সংকট তৈরি হয়, তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সময় থাকতে সরকারকে সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত সংকট সমাধানের পরিকল্পনা তৈরি করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সার সংকটে সমাধান করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সকল বিষয় স্থিতিশীলতা রক্ষা করার দায়িত্ব সরকারের।
আমরা আশা করি সরকার পরিস্থিতি অনুধাবন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই না দেশের কোন কৃষকের পরিণতি জাবেদ আলীর মত হোক। আমরা চাই না দেশে অর্থনীতি ভেঙ্গে পড়ুক। আমরা প্রত্যাশা করি আগামী দিন সকল কৃষক নির্বিঘ্নে তাদের কৃষি উৎপাদন অব্যাহত রাখবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।